রোজদিন ডেস্ক, কলকাতা:-হরিয়ানার হবু রাজ্যপাল অসীম ঘোষের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য! সোমবার হরিয়ানার রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার কথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষের। শনিবারই হরিয়ানায় পৌঁছাচ্ছেন তিনি। তার আগে শনিবার সকালে অসীমের হাওড়ার বাড়িতে গেলেন শমীক ভট্টাচার্য। হরিয়ানার হবু রাজ্যপালের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। শুভেচ্ছা জানান নতুন দায়িত্বের জন্য। শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতার বইও শমীক উপহার দেন হরিয়ানার হবু রাজ্যপালকে।
অসীম ঘোষকে ‘শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা’ বইটি উপহার দেন শমীক। অসীমের স্ত্রীও বাড়িতেই ছিলেন সেই সময়। বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডেও মঙ্গলবার অসীমের বাড়িতে যান। তাঁদের সঙ্গে যান রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সংগঠন সম্পাদক সতীশ ঢোন্ডও। নতুন দায়িত্বের জন্য অসীমকে অভিনন্দন জানান তাঁরাও। হরিয়ানার হবু রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি নেতারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সংক্রান্ত কর্মসূচিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ছিলেন শমীক। শুক্রবার রাতে কলকাতায় ফেরেন তিনি। এর পরে শনিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বিজেপির রাজ্য সভাপতি পৌঁছে যান হাওড়ায় অসীমের বাড়িতে।

Be the first to comment