রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের বাংলাদেশী সন্দেহে ১৫ জন পরিযায়ী শ্রমিক আটক হরিয়ানায়, বাড়ি ফিরতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন পরিবারের
কর্ম সূত্রে বিজেপি শাসিত হরিয়ানায় গিয়ে আটক নদিয়ার ১৫ জন পরিযায়ী শ্রমিক। উৎকন্ঠায় দিন কাটছে নদিয়ার এক পরিবারের। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। শুধু তাই নয়, আধার কার্ড, ভোটার কার্ডের মতো পরিচয়পত্র দেখানোর পরেও হরিয়ানার পুলিশ তাঁদের ছাড়েনি বলেও অভিযোগ উঠেছে।
গতকাল ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাঙালিদের ‘বাংলাদেশী’ বলে চিহ্নিত করে আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, আটক শ্রমিকরা নদিয়ার চাপড়া থানার বাঙ্গালঝি এলাকার বাসিন্দা। তবে কর্মসূত্রে প্রায় ১৫ বছর ধরে হরিয়ানায় থাকেন শুকুর আলি শেখ, বশির আলি শেখরা। মাঝে মাঝে বাড়ি ফেরেন। তাঁদের পরিবার জানিয়েছে, মূলত ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচা করেন তাঁরা। কিন্তু দিনকয়েক আগে হরিয়ানা থেকে তাঁদের কাছে খবর আসে, বাংলাদেশী সন্দেহে এই রকম ১৫ জন বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে। তাঁদের অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার কারণেই তাঁদের ‘বাংলাদেশী’ বলে সন্দেহ করা হচ্ছে।
এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী যেন তাঁদের অবিলম্বে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন।

Be the first to comment