রোজদিন ডেস্ক, কলকাতা:-বিজেপি শাসিত রাজ্যে বাঙালীদের হেনস্তা! এই নিয়ে উত্তাল হয়েছে বাংলা সহ জাতীয় রাজনীতি। বাঙালির অস্মিতার উপর আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল সোমবার বোলপুরে প্রথম মিছিল করবেন তিনি। সূত্রের খবর রবিবার রাতেই বীরভূমে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোমবার প্রশাসনিক ও দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। প্রশাসন ও দলীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমে প্রশাসনিক বৈঠকের পর লজ মোড় থেকে মিছিল শুরু হবে দুপুর দু’টোয়। সেই মিছিল শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা পেরিয়ে শ্রীনিকেতন রোডে পেরিয়ে জামমুড়ি বাস স্ট্যান্ডে শেষ হবে। সেখানেই ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও জানা গিয়েছে, এই মিছিল চলাকালীন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক দল গান, আবৃত্তি করে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ জানাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগানো, শ্রমিকদের উপর নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছে তৃণমূল। সেই আন্দোলনের শুরু হবে বোলপুরের মাটি থেকে। এমনটাই জানিয়েছিলেন মমতা নিজেই। সেই মোতাবেকই বোলপুরের মাটি থেকেই নয়া আন্দোলনের বীজ বপন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment