রোজদিন ডেস্ক :
মন্ত্রী নয়, আরএসএস-ই দেশের শিক্ষা মন্ত্রককে চালাচ্ছে বলে আজ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন। বলেন, আরএসএস চায় না পড়ুয়ারা সত্য ও জ্ঞান অর্জন করুন, তারা পড়ুয়াদের নিজেদের কল্পনায় তৈরি ইতিহাস পড়তে জোর করছে।
পদত্যাগী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একজন প্রতীকমাত্র৷ আরএসএস-ই পড়ুয়াদের প্রধান শত্রু বলে তোপ দাগেন তিনি।
আজ সংসদে আরএসএস, বিজেপিকে নিশানা করে একের পর এক তোপ দাগেন রাহুল গান্ধী। তাঁর এইসব বক্তব্য নিয়ে উত্তপ্ত হয় সংসদ। গত ২০ জুলাই দিল্লিতে প্রতিবাদী পড়ুয়াদের ওপর পুলিশি জুলুম নিয়ে আজ ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন তিনি। অভিযোগ করেন, অমিত শাহর নির্দেশেই পুলিশ পড়ুয়াদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, এখন এই নিয়ে সংসদে কিছু বলার উনি সাহস পাচ্ছেন না।
আজ রাহল গান্ধী বক্তব্য রাখার শুরু থেকেই সরগরম ছিল সংসদ। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধী নেতা পড়ুয়া ও “অন্যদের ” মধ্যে ফারাকের কথা বলেন। বিজেপিকে নিশানা করে তাঁর এই বক্তব্যর তুমুল বিরোধিতা করেন কিরেন রিজিজু, রাজনাথ সিং সহ শাসক দলের একাধিক মন্ত্রী।
পরে তাঁর ” আপত্তিজনক” মন্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আক্রমণ করা নিয়েও বিরোধী নেতাকে এক হাত নেন কিরেন রিজিজু। তিনি এই বিষয়ে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি করেন। বলেন, অমিত শাহ পড়ুয়াদের ওপর আক্রমণের নির্দেশ দিয়েছিলেন, এর কি প্রমাণ আছে?
রাহুল গান্ধী অবশ্য নিজের বক্তব্য থেকে সরেননি, স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ ছাড়া তা হয় না বলে নিজের দাবিতে অনড় থাকেন তিনি। এই সব নিয়ে উভয় পক্ষে তীব্র বাদানুবাদ হয়।

Be the first to comment