শাহজাহানের আইনজীবীর ভূমিকায় অসন্তুষ্ট আদালত; সন্দেশখালিতে খুনের ঘটনায় CBI তদন্ত নিয়ে রায়দান স্থগিত ডিভিশন বেঞ্চে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সিবিআই তদন্তের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। সোমবার সেই মামলায় রায় স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ।

এ দিন শাহজাহানের আইনজীবীর উদ্দেশে বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্ন, ‘আপনি যে তথ্য দিচ্ছেন, তার মধ্যে আদালতের প্রশ্নের উত্তর নেই। সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে আপনার মক্কেলের মামলায় যুক্ত হওয়া অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছে। আপনার মামলা করার এক্তিয়ার কোথায়?’

শাহজাহানের আইনজীবী পাল্টা বলেন, ‘যে দেবদাস মণ্ডল খুন হয়েছেন, তিনিও একটি মামলায় অভিযুক্ত।’ বিচারপতি বসাক পাল্টা বলেন, ‘হতে পারে। কিন্তু তা অন্য মামলা। এই মামলায় সেই বিষয়টি সামনে আনা কতটা যুক্তিযুক্ত?’ এর পরে আদালত রায়দান স্থগিত করে দেয় ডিভিশন বেঞ্চ। মামলার শুরুতে ওই তিন নিহতের পরিবারের আইনজীবী দাবি করেন, ‘অভিযুক্তকে মামলায় যুক্ত করার প্রয়োজন নেই।’ বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, ‘এখানে মামলাকারী অপরিচিত অভিযুক্ত নন। বরং পরিচিত। তাঁকে কেন মামলায় যুক্ত করা হয়নি?’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*