রোজদিন ডেস্ক: স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া পোস্টারে ‘ধর্ষক’ ও অন্যান্য আপত্তিকর শব্দ লেখার অভিযোগে দুই ছাত্রকে বহিষ্কার করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয় অথরিটিস-এর গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বহিষ্কৃত দু’জনেই স্নাতকোত্তরে ছাত্র। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই দুই পড়ুয়া ভবিষ্যতে আর কোনও দিন প্রেসিডেন্সির কোনও পঠনপাঠন কর্মসূচিতে যুক্ত হতে পারবেন না। এমনকি পুনরায় ভর্তিও হতে পারবে না। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করে এই তদন্ত কমিটি এবং তাদের রিপোর্টের ভিত্তিতেই শুক্রবার এই চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, প্রেসিডেন্সি সব সময়ই বিজ্ঞানভিত্তিক বা আর্থ-সামাজিক বিষয়ে মর্যাদাপূর্ণ চর্চা ও সুস্থ বিতর্কের পক্ষে। কিন্তু ক্যাম্পাসের অন্দরে কোনও জাতীয় মনীষী, বিশিষ্ট ব্যক্তিত্ব, মতাদর্শ বা কোনও সংগঠনকে এই ধরনের চরম অমর্যাদা করা আমরা বরদাস্ত করব না।

Be the first to comment