রোজদিন ডেস্ক : জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, গত বছর কর্নাটক ও মহারাষ্ট্রে শাসক দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কমিশন ব্যাপক ভোট কারচুপি করেছে। আর এবার বিহারের ভোটার তালিকা সংশোধনের নামে একই কৌশল প্রয়োগের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের রাহুল বলেন, “অনেক আসন আছে। একটা-দুটো নয়, সারা দেশে পরিকল্পিত ভাবে এই কাজ করা হচ্ছে। কমিশনও এটা জানে। আগে প্রমাণ ছিল না, এখন আছে।”
রাহুল এদিন বলেন, “আমরা সংবিধান বাঁচানোর লড়াই করছি কারণ কমিশন ‘ওয়ান পার্সন, ওয়ান ভোট’-এর দায়িত্ব পালন করছে না।” রাহুল বলেন, ‘আভি পিকচার বাকি হ্যায়’, অর্থাৎ এখনও অনেক কিছু দেখানো বাকি আছে।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। তাদের দাবি, সমস্ত প্রক্রিয়া স্বচ্ছ, আর এ ধরনের মন্তব্য কেবল বিভ্রান্তি ছড়ায়। কমিশনের কড়া জবাব, রাহুল যেন শপথপত্রে সই করে প্রমাণ-সহ অভিযোগ পেশ করেন। বিজেপিও রাহুলের বিরুদ্ধে সংবিধানিক সংস্থাকে কলঙ্কিত করার অভিযোগ তুলেছে।
