রোজদিন ডেস্ক : রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় ফের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থানার আইসি বা ওসিদের ওপরই শুধু আইনশৃঙ্খলার দায়িত্ব দিলে চলবে না। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, খুনের মতো বড় অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি-ওসিদের পাশাপাশি জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নজর রাখতে হবে।
মঙ্গলবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ ডাকা জেলাশাসকদের বৈঠকে মুখ্যমন্ত্রীও হাজির হন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ছাড়াও, সরকারি প্রকল্পের প্রচার এবং প্রতিটি মানুষ যেন সরকারি প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এর পাশাপাশি যেসব পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে বাংলায় ফিরছেন তাদের জন্য জেলা প্রশাসনকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের সন্তানদের স্কুলে ভর্তি করাতে সহায়তা, সব সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতে হবে। এই কাজের জন্য বিডিওদেরও সরাসরি দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।

Be the first to comment