রোজদিন ডেস্ক : গ্রেফতার হয়ে তিরিশ দিন জেল বন্দি থাকলেই এবার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী পদ থেকে অপসারিত হবে। এমনই এক নতুন আইন আসতে চলেছে। বুধবারই লোকসভায় নতুন বিল পেশ করছে কেন্দ্রীয় সরকার৷
সূত্রের খবর, বুধবারই লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই সংশোধনীর মাধ্যমেই ২৩৯এ(এ) অনুচ্ছেদের মধ্যে ৫এ ধারা যুক্ত করা হবে৷ এই সংশোধনী আইনে পরিণত হলে গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে জেলে বা তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলেই কোনও মুখ্যমন্ত্রীকে অপসারণের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না৷ প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, গ্রেফতার হয়ে তিরিশ দিন জেলে বা হেফাজতে থাকলে ৩১ তম দিনে পদ ছাড়তে হবে অভিযুক্ত মুখ্যমন্ত্রীকে৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্র বা রাজ্যের মন্ত্রীরাও গ্রেফতার হয়ে তিরিশ দিন জেলে থাকলে এই শর্ত প্রযোজ্য হবে৷
উল্লেখ্য, জম্মু কাশ্মীর সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীরাও এই নতুন আইনের আওতায় আসবেন৷ তবে জেল থেকে মুক্ত হওয়ার পর ফের নিজস্ব পদে ফিরতে পারবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রীরা৷ প্রস্তাবিত সংশোধনীতে সেই সুযোগও থাকছে৷ এই তিনটি বিল লোকসভায় পেশ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস৷

Be the first to comment