রোজদিন ডেস্ক : মা দুর্গার কন্ঠহার চুরি!! তা নিয়ে তোলপাড় দমদমে। দুর্গাপূজার এই সময়ে তার হার চুরির তদন্তর ভার পেলেন স্বনামধন্য সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি!! পাঠকদের গালে হাত! দুর্গার হার চুরি?? এমন কাহিনী কি লিখেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়!! শুরু হল বই-এর পাতা ওলটানো। কিন্তু হদিশ মিললো না কোথাও। তবে কি এটিও অপ্রকাশিত রচনা!! নাহ, এটি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর নয়, দমদমের তরুণ সংঘর পুজোর এবারের থিম। যা নিয়ে ভীষণ ব্যস্ত পুজোর উদ্যোক্তারা।

বাংলার দুর্গাপূজার নিত্য নতুন থিম নিয়ে কৌতুহল এখন দেশ বিদেশে। হাতে আর বেশি দিন নেই। এবারই প্রথম ” সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি ” কে পুজোর থিম করে হই হই ফেলে দিয়েছেন তরুণ সংঘর উদ্যোক্তারা। রহস্যপ্রিয় বাঙালির সেরা আইকন ব্যোমকেশ বক্সি ইতিমধ্যেই হাজির তাদের মন্ডপে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর বিভিন্ন রহস্য গল্পকে শিল্পে মন্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী অনির্বাণ দাস। এই মন্ডপ এবার আমজনতার নজর কাড়বে বলে উদ্যোক্তাদের আশা।
দদমের তরুণ সংঘ বরাবরই রাজ্যের দুর্গাপূজার মানচিত্রে স্বকীয়তায় উজ্জ্বল এক নাম। এবার ব্যোমকেশ বক্সি কে থিম করে তার কার্যকলাপ শিল্পীর কল্পনা ও তুলিতে ফুটিয়ে তোলা নি:সন্দেহে বড় চমকও। সূত্রের খবর, পুজোর সময় সস্ত্রীক ব্যোমকেশ ও তাদের অভিন্ন হৃদয় বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়কেও সশরীরে মন্ডপে হাজির করতে চান তারা। কিন্তু কিভাবে? এই রহস্য এখন আড়ালেই রাখতে চান তারা। আপাতত মন্ডপ জুড়ে থাকছেন শুধুই ব্যোমকেশ!! তরুণ সংঘের ৪০তম বর্ষে আপামর বঙ্গবাসীকে এই উপহার দিয়ে আকৃষ্ট করার লক্ষ্যে কাজ চলছে।

Be the first to comment