রোজদিন ডেস্ক : মলিউড তথা দক্ষিণি চলচ্চিত্র জগতের সুপারস্টার মোহন লাল (মোহনলাল) ২০২৩ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন।
দীর্ঘ চল্লিশ বছরের বেশি অভিনয় জীবনে ৪০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মানে তিনি ভূষিত হওয়ায় কেরালা সহ দক্ষিণের রাজ্যগুলিতে এখন রীতিমত খুশির হাওয়া।
আজ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সমাজ মাধ্যমে এই খবর জানায়। বলা হয়, মোহ্নলালের অসাধারণ অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজককে সম্মানিত করা হচ্ছে। মোহনলালের বহুমুখী প্রতিভা ও নিরলস পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক সোনালি ফলক।
আগামী ২৩, সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেবেন।
এর আগে ২০০৪ সালে কেরালার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণ এই সম্মানে ভূষিত হয়েছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে মোহনলালকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নিজের সঙ্গে মালয়লম চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, উনি কেরালার সংস্কৃতির ধারকও। তামিল, তেলেগু, কানাড়া ও হিন্দি চলচ্চিত্র জগতেও ওঁর অসামান্য অভিনয় নজর কেড়েছে।
প্রসঙ্গত আগামী বছর কেরালায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মুলত সিপিএম নেতৃত্বাধীন এল ডি এফ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফ মূল প্রতিদ্বন্দ্বী হলেও বিজেপিও নিজের শক্তি বৃদ্ধিতে সদাতৎপর।
নিন্দুকেরা এই পুরস্কার প্রদানের নেপথ্যে গেরুয়া শিবিরের রাজনৈতিক অভিসন্ধি দেখছেন।
এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তিতে অভিভূত মোহনলাল জানান, এতে তিনি নিজেকে আশীর্বাদ ধন্য মনে করছেন। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান নিতে তিনি দিল্লি যাবেন।
একাধিক ভাষায় চারশোর বেশি ছবিতে অভিনয় করা মোহনলাল জানান, এই শিল্পে তিনি নিবেদিত, এর জন্য নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করে যাবেন।
১৯৭৮ সালে চলচ্চিত্র জগতে প্রথম পদার্পণ তাঁর। মালয়লম চলচ্চিত্রের অপর নামী জনপ্রিয় অভিনেতা মামুত্তি ও তিনি অভিন্নহৃদয় বন্ধুও। তাঁর এই সম্মান প্রাপ্তিতে খুশি সকলেই।
এর আগে পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি।

Be the first to comment