রোজদিন ডেস্ক : ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পুর ও নগরোন্নয়ন দফতর রাজ্যের সব শহর ও শহরতলিতে বাড়ি-বাড়ি সমীক্ষা চালাচ্ছে। এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে প্রায় ৯২ কোটি টাকা। যার মধ্যে ২৬ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর। স্টেট আর্বান ডেভেলপমেন্ট অথরিটি বা সুডা-র তত্ত্বাবধানে মে মাস থেকে এই কাজ শুরু হয়েছে। চলবে ডিসেম্বর পর্যন্ত। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের কাছ থেকে মোট ৯২ কোটি টাকার প্রকল্প অনুমোদন চাওয়া হয়েছিল। গত ১ সেপ্টেম্বর প্রথম দফায় ১১ কোটি ৯১ লক্ষ টাকা এবং সম্প্রতি আরও ১৪ কোটি ৩৪ লক্ষ টাকা পেয়েছে সুডা। যা ২০২৫–২৬ অর্থবর্ষে ওই প্রকল্পে নিযুক্ত প্রায় ৪০ হাজার কর্মীর সাম্মানিক বাবদ খরচ করা হবে। সমীক্ষার জন্য নিযুক্ত করা হয়েছে ৩৭,৭২০ জন কর্মী, ২৫১ জন সুপারভাইজার ও ৮৯০ জন ডেটা এন্ট্রি অপারেটর। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গি সংক্রমণ উর্ধ্বমুখী। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। শুধুমাত্র উৎসবের মরসুমেই আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। ৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ছিল ৬,৩৯২ জন, যা ৩ অক্টোবরের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৯,৪০০। দফতরের তথ্য তথ্য বলছে, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, মালদহ, কলকাতা ও হাওড়ার মতো জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এর মধ্যে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের সংখ্যা দেড় হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে।

Be the first to comment