ভ্যানিশিং কালি ব্যবহার করে প্রতারণা, বাগনান থেকে পুলিশের জালে ৫

Spread the love

রোজদিন ডেস্ক : পেনে ভ্যানিশিং কালি ব্যবহার করে প্রতারণার ছক। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে হাওড়ার বাগনান থেকে পুলিশের জালে ওই চক্রের ৫ চাঁই। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ১ লক্ষ ৮৬ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পেনে ভ্যানিশিং কালি ব্যবহার করেই চলছিল এই প্রতারণাচক্র। ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ভ্যানিশিং কালি দিয়ে ‘ক্যানসেলড চেক’ লিখিয়ে নেওয়া হত প্রথমে। তারপর সেই চেক ভাঙিয়ে তুলে নেওয়া হত টাকা। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বাগনানের খাদিনানের বাসিন্দা গোলাম কাদের পুলিশে অভিযোগ জানান, তাঁর ছেলের অ্যাকাউণ্ট থেকে ১ লক্ষ ৮৬ হাজার টাকা কেউ তুলে নিয়েছে। ছেলের জরুরি ঋণের প্রয়োজন ছিল। এই সময় সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে ওই প্রতারকদের সঙ্গে তাঁর ছেলের পরিষয় হয়। ওই প্রতারকরা কোনওরকম তথ্য যাচাই ছাড়াই তৎক্ষণাৎ ঋণের ব্যবস্থা করে দেওয়ার দাবি করে। অভিযুক্তদের মধ্যে একজন তার বাড়িতে গিয়ে ঋণ ভেরিফিকেশনের অজুহাতে একটি ‘ক্যানসেলড চেক’ চায়। এরপর তার কাছে থাকা ভ্যানিশিং কালির পেন দিয়ে ওই চেকে ‘ক্যানসেলড’ লিখিয়ে নেয়। এরপর চেকের কালি মুছে যাওয়ায় প্রতারকরা ওই চেক ব্যবহার করে গোলাম কাদেরের ছেলের অ্যাকাউণ্ট থেকে ১ লক্ষ ৮৬ হাজার টাকা তুলে নেয়। পুলিশে অভিযোগ দায়ের হয়। বাগনান থানার পুলিশের তৎপরতায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। হাওড়া জেলা (গ্রামীণ) পুলিশের ডিএসপি জানান, বাগনান থানার আইসি অভিজিৎ দাসের তৎপরতায় অভিযুক্তদের মোবাইলের সূত্র ধরে পুরো দলটিকে ধরা সম্ভব হয়। এই চক্রে আরও কেউ জড়িত কিনা তার খোঁজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*