কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, জন্মদিনে স্মরণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায়, ও কবি তথা সুরস্রষ্টা অতুলপ্রসাদকে

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সোমবার কালীপুজো। সেই সঙ্গে বাঙালি তথা রাজ্যবাসী মেতে উঠেছে আলোর উৎসব দীপাবলিতে। আলোয় সেজেছে শহর। আলোর রোশনাই জেলাতেও। এই উপলক্ষে এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে দীপাবলি ও কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিজের লেখা ও সুর করা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গানও শেয়ার করলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন —

“দয়াময়ী মা,
আমার করুণাময়ী মা,
এসো মাগো আলোর দেবী,
আলো নিয়ে এসো মা।
অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে
শান্তি নিয়ে এসো মা।”
সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।

দীপাবলি, কালীপুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন তিনি জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দুই প্রখ্যাত বাঙালিকে। কিংবদন্তি গীতিকার, সুরকার ও গায়ক অতুলপ্রসাদ সেনকে জন্মদিবসের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী লিখলেন—

“মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” – র মতো অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও গায়ক তথা কবি অতুল প্রসাদ সেনের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলা সঙ্গীতের এই প্রবাদ পুরুষকে।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থশঙ্কর রায়কেও জন্মদিনে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*