রোজদিন ডেস্ক : দেশের প্রধানমন্ত্রী যখন যুদ্ধ জাহাজে দীপাবলি উদযাপনে ব্যস্ত, লোকসভার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তখন দিল্লিতে শতাব্দী প্রাচীন মিষ্টির বিপণিতে অমৃতি, বেসন লাড্ডু বানালেন। পুরোনো দিল্লির এই মিষ্টির বিপণি তাঁর ঠাকুমা, বাবা, বোনের অনুষ্ঠানে (পড়ুন বিয়েতে) মিষ্টি সরবরাহ করেছেন, আজ বিপণি মালিক রাহুলকে কাছে পেয়ে জানতে চান, কবে তাঁর ( বিয়ের) শুভ অনুষ্ঠানে তিনি মিষ্টি পাঠাবেন!! উপস্থিত সবাই সাগ্রহে তখন রাহুলের মুখের দিকে তাকিয়ে আছেন। উত্তরে কংগ্রেস নেতার মুখে তখন শুধুই মিষ্টি হাসি!!
এর আগে উত্তর ভারত-সহ দেশব্যাপী আলোর উৎসবে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে রাহুল গান্ধী বলেন, সব ঘরে সুখ, সমৃদ্ধি, ভালবাসা আসুক। শুধু মিষ্টির থালি তে নয়, পারস্পরিক হৃদ্যতা, সম্পর্কের বন্ধনে দীপাবলি সমৃদ্ধ হোক।

গত বছর দীপাবলিতে তিনি মাটির কারিগর, শিল্পীদের সঙ্গে কাটিয়েছিলেন।
আজ তাঁর গন্তব্য ছিল পুরোনো দিল্লির শতাব্দী প্রাচীন “ঘন্টেওয়ালা ” মিষ্টির বিপণি। সেখানে গিয়ে তিনি অমৃতি ভাজেন। বেসন লাড্ডু বানান।
পরে সমাজ মাধ্যমে তা পোস্ট করেন।

সহাস্য কংগ্রেস নেতাকে দেখে আপ্লুত মিষ্টি বিপণির মালিক সহ অন্যরাও। পুরোনো দিনের ছবি দেখান তাঁকে। হাসিমুখে সাগ্রহে তা দেখেন রাহুল গান্ধী। সঙ্গে টুকটাক কথাবার্তা চলে।
বিপণি মালিক জানতে চান, কবে তাঁর অনুষ্ঠানে তিনি মিষ্টি পাঠাবেন??
উত্তর এলো রাহুলের মৃদু মিষ্টি হাসিতেই!!

উল্লেখ্য, আগে আর জে ডি প্রধান লালুপ্রসাদও তাঁকে বিয়ে করার কথা বলেন। সেবারও এই স্পষ্ট কোন জবাব দেননি তিনি। তাঁকে নিয়ে তবু জল্পনা চলে। রাহুল গান্ধী ব্যস্ত থাকেন নিজের মতই।

Be the first to comment