কর্মস্থলে মানসিক চাপ, বেঙ্গালুরুতে আত্মঘাতী ইঞ্জিনিয়ার

Spread the love

রোজদিন ডেস্ক : কর্মস্থলে মানসিক চাপ,  হেনস্থার অভিযোগ এনে বেঙ্গালুরুতে আত্মঘাতী হলেন এক ইঞ্জিনিয়ার।  নামী সংস্থা ওলা ইলেকট্রিকের এই  ইঞ্জিনিয়ার কে অরবিন্দ (৩৮) তাঁর মৃত্যুর জন্য সংস্থার উচ্চ আধিকারিকদের দায়ী করেছেন। তাঁর ঘর থেকে ২৮ পাতার সুইসাইড নোটের ছত্রে ছত্রে বিষাদ ফুটে উঠেছে। অভিযোগ, কর্মস্থলে দিনের পর দিন মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বেতন, ভাতা ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি বৈষম্যর শিকার।

পুলিশ এর প্রেক্ষিতে সংস্থার সিইও এবং কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

অতি সম্প্রতি হরিয়ানায় এক আইপিএস আধিকারিক ও কর্মস্থলে তাঁকে অপমান, হেনস্থার অভিযোগ এনে আত্মঘাতী হন। তাঁর স্ত্রীও আইএএস। হাই প্রোফাইল এই পরিবারের  সদস্য কেন চরম পথ নিলেন তা নিয়ে তদন্ত চলছে।

বেঙ্গালুরুতে ওলা ইলেকট্রিকের পক্ষে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়। রক্ষা কবচ চেয়ে তাঁরা আদালতে গেছেন। সংস্থার বক্তব্য, কে অরবিন্দ সাড়ে তিন বছরের বেশি এই সংস্থায় কাজ করতেন। তিনি তাঁকে হেনস্থা করা বা অন্য  কোন অভিযোগ কখনও করেননি। এই কঠিন সময়ে সংস্থা প্রয়াত ইঞ্জিনিয়ারের পরিবারের পাশে আছে বলেই জানানো হয়। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*