রোজদিন ডেস্ক : মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বড়মায়ের পুজো দিতে নৈহাটিতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটির প্রতিমার পাশাপাশি তিনি মন্দিরে নবপ্রতিষ্ঠিত কষ্টি পাথরের মূর্তিতেও পুজো দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।
ইতিমধ্যেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা নৈহাটির অরবিন্দ রোড এলাকা পরিদর্শন করেছেন। এমনিতেই পুজোতে এত লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং তার উপর সাংসদের আসার খবরে ভিড় যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। ভিড় সামাল দিতে মন্দির কমিটির অফিসে পুলিশ কমিশনার উচ্চ পর্যায়ের বৈঠকও সারেন। তিনি জানিয়েছেন, নজরদারির জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা এবং ড্রোনের ব্যবস্থাও করা হয়েছে। প্রতিবারের মতো এবারও পুজোর দিনে ২০০ ভরি রুপো ও ১০০ ভরি সোনার গয়নায় সেজে উঠেছে বড়মা। পুজোর জন্য অবশিষ্ট ফল এবং পোশাক এতিমখানা এবং বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়।
বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বড়মার মন্দিরে পুজো দিতে আসার কথা। তিনি পুজো দিয়ে আবার সড়ক পথেই ফিরে যাবেন। তাঁর কোনও দলীয় কর্মসূচি নেই। সুত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু উপহার তুলে দেওয়া হবে।

Be the first to comment