বাড়ির কালীপুজোয় ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন, একা হাতেই সামলালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : কালীপুজোর দিনটা একটু অন্যভাবেই কাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারও তার ব্যতিক্রম হল না। বাড়িতে মা যে পুজো শুরু করেছিলেন, আজও সেই ধারা বয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

ফলে এদিন সকাল থেকেই ছিল ব্যস্ততা। নিজে হাতে যত্ন করে ভোগ রান্না, পুজোর জোগাড়, থেকে প্রতিমা সাজানো, সবই করলেন, বাদ গেল না কিছুই। বিকেল থেকে বাড়ল ব্যস্ততা। অতিথি, অভ্যাগতদের ভিড়ে জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ি। তাঁদের সঙ্গে দেখা করা, কথা বলা সবই নিপুণ হাতে সামলালেন।

বিকেল হতেই মেয়েকে নিয়ে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসার আগে লেক। কালীবাড়িতে সারলেন প্রণাম। তিনিও এসে অতিথি আপ্যায়নে লেগে পড়েন। রাজনীতি থেকে প্রশাসনিক কর্তা ও অসংখ্য সাধারণ মানুষ আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে। সবাইকে আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করেন মুখ্যমন্ত্রী।

এরই মধ্যে জানা গেল মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো এবার ৪৮ বছরে পা দিল। শুরুটা তাঁর মা করেছিলেন। তারপর ৪৮ বছর ধরে ভক্তিভরে পুজো করে আসছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর থেকে শুরু হবে পুজোর ৫০ বছর উদযাপনের প্রস্তুতি। কে ছিলেন না এদিন মুখ্যমন্ত্রীর।বাড়িতে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সপরিবারে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মনোজ পন্থ, কৃষ্ণা চক্রবর্তী, দেবাশিস কুমার, জুন মালিয়া, রাজীব বন্দ্যোপাধ্যায়, মনীশ গুপ্ত-সহ মন্ত্রিসভা ও প্রশাসনের অধিকাংশ কর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*