রোজদিন ডেস্ক : আলোর উৎসবের মাঝেই বলিউডে হঠাৎ আঁধার। চলে গেলেন “শোলে” র ব্রিটিশ আমলের “জেলার “! আসরানি অভিনীত এই চরিত্র তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। আজ বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়স হয়েছিল ৮৪। তাঁর প্রয়াণে গোটা বলিউডেই শোকের ছায়া। ৫০ বছরের বেশি অভিনয় করেছেন তিনি। তাঁর অসাধারণ কৌতুকাভিনয়ে মুগ্ধ ছিল সারা দেশ। সাড়ে তিনশো ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য শোলে, অভিমান, ছোটি সি বাত, চুপকে চুপকে, ভুলভুলাইয়া ইত্যাদি। প্রতিটি ছবিতেই তাঁর দক্ষ অভিনয়ের স্বাক্ষর রেখেছেন।
রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। তাঁর প্রথম ছবি, হরে কাঁচ কি চুড়িয়া, সেখানে তিনি বিশ্বজিতের বন্ধুর অভিনয় করেছিলেন। ৫০ বছরের বেশি সময় তাঁর অসামান্য কৌতুকাভিনয় মোহিত করেছে সারা দেশ কে।
ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত হাসিখুশি, কৌতুক প্রিয় মানুষ ছিলেন।
অসুস্থ হওয়ায় দিন চারেক আগে তিনি হাসপাতালে ভর্তি হন। আজও সমাজ মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা জানান।
ফুসফুসের সংক্রমণ এই অসাধারণ অভিনেতার জীবন কেড়ে নিল।
আসরানি চাননি তাঁর মৃত্যুতে কোন আলোড়ন হোক। নীরবেই চলে যেতে চেয়েছিলেন। তাঁর ইচ্ছার মর্যাদা দিয়ে স্ত্রী মঞ্জু ও পরিবার কয়েক ঘন্টার মধ্যে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। বলিউডের গরিমার অংশ হয়েও প্রায় নিঃশব্দে চলে যান তিনি। সান্তাক্রুজের শান্তি নগর শ্মশানে চির শান্তির দেশে পাড়ি দেন আসরানি।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বলিউডে শোকের ছায়া নামে। সকলেই তাঁদের প্রিয় অভিনেতার সঙ্গে নানা অভিজ্ঞতার স্মৃতি চারণা করেন।

Be the first to comment