ভোররাতে খড়দহের রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, হতাহতের খবর নেই

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবার কালীপুজোর ভোররাতে আচমকা খড়দহের এক রঙের কারখানায় বিধ্বংসী আগুন। আগুনের গ্রাসে প্রায় ভষ্মীভূত গোটা কারখানাটি। কারখানায় লাগোয়া একটি গেঞ্জি কারখানাতেও ছড়িয়ে পড়ে আগুন। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দমকলের প্রথমে পাঁচটি পরে আরও পাঁচটি মোট দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। সর্বশেষ খবর সকাল ন’টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভেনি। এখনও পকেট ফায়ার রয়ে গিয়েছে। স্বস্তির কথা একটাই, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকল বিভাগ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। দমকলের প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে থাকা বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। তবে বিস্তারিত তদন্ত না হলে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। স্থানীয়রা বলছেন, এদিন ভোর থেকেই চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। খড়দহ থানার ঈশ্বরীপুর এলাকায় এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে। সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। কারণ, কারখানার ভিতরে একাধিক রাসায়নিক ও দাহ্য বস্তু ভর্তি ছিল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। কিন্তু কোনও লাভ হয় না। পরে আরও পাঁচটি ইঞ্জিন আসে। এরপর সকাল সাড়ে ৯টা নাগাদ অনেকটাই নিয়ন্ত্রণে আসে আগুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*