রোজদিন ডেস্ক : বাংলাদেশের আওয়ামী লিগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জিতে মহম্মদ ইউনুসকে চিঠি দিলেন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। পুর্বতন সরকারের আমলে গুম খুন-সহ একাধিক অপরাধের বিচার হোক তাঁরা যেমন চান, তেমনই রাজনৈতিক দলের (পড়ুন আওয়ামী লিগ) ওপর নিষেধাজ্ঞা আরোপের তাঁরা বিরোধী। মানবাধিকার সংগঠনগুলির মতে, রাজনৈতিক দলে নিষেধাজ্ঞা আরোপের ফলে প্রকৃত বহুদলীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। তাঁরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডে অংশ নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে আওয়ামী লিগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানান।
যে ছয়টি মানবাধিকার সংগঠন মহম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন, তাঁরা হলেন, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইন্সটিটিউট।
ছয় মানবাধিকার সংগঠন গত বছরের হাসিনা সরকারের পতনের পর মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, আইন সংস্কার শুরু, গুম-সহ অন্যান্য মানবাধিকার লংঘনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্তের মত উদ্যোগের প্রশংসা করেছে। মহম্মদ ইউনুস কে লেখা চিঠি তে তাঁরা ১২টি সুপারিশও করেছেন বলে জানা যায়। এর মধ্যে গত ১৫ বছরে গুম, বিচার বর্হিভূত হত্যা, নির্যাতন ইত্যাদি ঘটনায় দোষী দের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে সহায়তা করার কথাও আছে। এর পাশে তাঁরা যে কোন মামলায় মৃত্যুদন্ডর বিরুদ্ধে অবস্থান ঘোষণা করতে ইউনুস সরকারকে অনুরোধ করেছেন। বাংলাদেশে সাংবাদিক ও প্রচার মাধ্যমকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া, নির্বিচারে তাঁদের গ্রেফতার সহ নানা দমনমূলক কাজ থেকে বিরত থাকতেও তাঁরা বলেন।
এই সব ছাড়া দেশে জীবিকা ও শিক্ষার সুযোগ বৃদ্ধি, জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ইত্যাদি বন্ধেরও তাঁরা আর্জি জানান।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির এই আর্জি বাংলাদেশের বর্তমান সরকার কতটা মানবে, তথ্যভিজ্ঞ মহলের নজর এখন সেই দিকে।

Be the first to comment