রোজদিন ডেস্ক : শব্দবাজি থেকে ফানুস, একাধিক বিধিনিষেধ জারি করেছিল পুলিশ। স্বয়ং নগরপাল মনোজ ভার্মা দিয়েছিলেন কড়া বার্তা। কিন্তু দীপাবলির রাতে বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল শব্দবাজি। আকাশে উড়ল ফানুস। বাতাসে বাড়ল বিষ। সোমবার রাতে এই অভিযোগে যুক্ত ব্যক্তিদের পাকড়াও করল পুলিশ। লালবাজারের তথ্য বলছে, মোট ৫২২ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। যাদের মধ্যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে। বাকি ২৯ জনকে বাজি সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ ভাঙার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বাতাসে মিশেছে বিষ। এয়ার কোয়ালিটি ইনডেক্স, যা বাতাসের গুণমানকে বুঝিয়ে থাকে, সেই তথ্য অনুযায়ী, এদিন সন্ধ্যা থেকে ক্রমে খারাপ হয়েছে শহরের চারটি এলাকার বাতাস। সোমবার সবচেয়ে বেশি বিষ-বায়ু রেকর্ড হয়েছে নিউটাউনে। সেখানে বাতাসে একিউআই ছিল ১৯৯। এরপরেই দমদম, সেখানে একিউআই ছিল ১৪০। ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকার একিউআই ছিল ১৩৭। কসবায় ১০৫ ও যাদবপুরে ১০২। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের মাপকাঠি অনুযায়ী, বাতাসে একিউআই যদি ০ থেকে ৫০-র মধ্যে থাকে, তবে তা ভাল। কিন্তু এই সংখ্যা যদি ৫১ থেকে ১০০ পার করে তখন পরিস্থিতি আশঙ্কাজনক। আর সেটাই হল কলকাতায়।
ছবি : প্রতীকী (ইন্টারনেট থেকে সংগৃহীত)

Be the first to comment