রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই দার্জিলিং পাহাড়ে ফের সক্রিয় হয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। আগামী ৯ নভেম্বর তিনি সর্বদলীয় বৈঠক ডাকায় বিস্মিত পাহাড়ের রাজনৈতিক মহল। একদা পাহাড়ের দাপুটে নেতা বিমল গুরুং এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াতে চান বলে খবর রটেছে। তবে কোন দলের হয়ে বা জোট বেঁধে তিনি লড়তে চান, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েক বছরে পাহাড়ে জনপ্রিয়তা অনেকটাই খুইয়েছেন বিমল গুরুং। ফলত নির্বাচনে দাঁড়াতে হলে তাঁর অন্য দলের সহায়তা নিতে হবে। এই সব কথা মাথায় রেখেই তিনি এই সর্বদলীয় বৈঠক ডেকেছেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
তাঁর একান্ত অনুগামী তথা মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি অবশ্য বলেন, কেন্দ্র পাহাড়ের স্থায়ী সমাধানের জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করেছে, সেই বিষয়েই এই বৈঠক। পাহাড়ের উন্নয়ন, স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে দাবি করা ইত্যাদি নিয়ে বৈঠকে কথা বলা হবে।
তবে বিমল গুরুং এর ডাকে পাহাড়ের সব দল সাড়া দেবে কিনা তা এখনও অনিশ্চিত।
বস্তুত মোর্চা নেতার বিশ্বাসযোগ্যতাও এখন তলানিতে বলে মনে করে অভিজ্ঞ মহল। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কতটা সমর্থন মিলবে সেই জল মাপতেই এই বৈঠক বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment