রোজদিন ডেস্ক : রাজ্যব্যাপী এস আই আর আবহে আজ কলকাতার জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হল। বলিউডের নামী দামি তারকাদের অনেকে এবার না থাকলেও আপন গরিমায় এই উৎসব বরাবরের মতই সমুজ্জ্বল। ধনধান্যে অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এই বর্ণময় উৎসবের উদবোধন করেন।
রাজ্যে চলচ্চিত্রে বিনিয়োগের জন্য আহবান জানান তিনি।
অনুষ্ঠানে রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখার্জি, গৌতম ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুজয় ঘোষ প্রমুখ এক ঝাঁক তারকা উপস্থিত। তাঁদের সবাইকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

কিংবদন্তি গায়ক আরতি মুখার্জি ও সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। মুখ্যমন্ত্রীর তুলে দেওয়া এই সম্মান পেয়ে আপ্লুত তাঁরা।
মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধও। মুখ্যমন্ত্রী জানান, এবারের ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩৯টি দেশ যোগ দিয়েছে। ৩২৫টি ছবি দেখানো হবে। উদ্বোধনী বক্তব্যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি প্রমুখ কিংবদন্তি পরিচালক, অভিনেতাদের উল্লেখ করে রাজ্যের রূপোলি জগতের দীর্ঘ ঐতিহ্যর কথা বলেন।
আজ থেকে ১৩ নভেম্বর অবধি প্রচুর সিনেমা, প্রচুর সম্মেলন ইত্যাদি অনুষ্ঠিত হবে বলে জানান।
বর্ণময় এই উৎসবে নৃত্য পরিবেশন করেন সৌরভ পত্নী তথা বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীরা।

অন্য সূত্রে প্রকাশ, এবার ত্রিপুরার দুটি ছবিও এই ফিল্মোৎসবে এসেছে। যা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত তাঁরা। পরিচালক মানেত রায় সাহার পরবাস ও প্লোটো দেব বর্মার খানি আগামীকাল ও পরশু যথাক্রমে নন্দনে ও প্রাচী-তে দেখানো হবে। ত্রিপুরার সংস্কৃতি, যাপন এই ছবি দুটিতে তুলে ধরা হয়েছে বলে জানা যায়।
আজ বিশিষ্ট চিত্র পরিচালক সুজয় ঘোষের সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জির কথোপকথন নিয়ে ও জল্পনা তৈরি হয়েছে। বাংলার সীমা পেরিয়ে বলিউডেও দাপট দেখিয়েছেন প্রসেনজিৎ। তবে কি সুজয় ঘোষের ছবিতে দেখা যাবে তাঁকে?? চলছে চর্চাও।
একদিকে এস আই আর নিয়ে চাপা উত্তেজনা, অন্যদিকে ফিল্মোৎসব, কলকাতার হেমন্ত এখন নানা রঙে রঙিন !!

Be the first to comment