মহারাষ্ট্রর উপ-মুখ্যমন্ত্রীর পুত্রর নাম জড়ালো জমি দুর্নীতিতে

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত মহারাষ্ট্রে সরকারি জমি কম দামে বিক্রির অভিযোগে নাম জড়ালো উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ারের। অভিযোগ, ১৮০০ কোটি টাকা দামের সরকারি জমি ৩০০ কোটি টাকায় এক বেসরকারি সংস্থাকে বিক্রি করা হয়েছে। এবং এই খাতে দেয় ২১ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে মাত্র ৫০০ টাকা। এই সব নিয়ে তোলপাড় উঠেছে ওই রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। মহারাষ্ট্র সরকার এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তর নির্দেশ দিয়েছেন। যদিও এফআইআরে আশ্চর্যজনক ভাবে পার্থ পাওয়ারের নাম নেই বলেই প্রকাশ। এই ঘটনায় একজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
সূত্রের খবর, পুনের মান্ধওয়া এলাকায় ৪৩ একর সরকারি জমি আমেদিয়া এন্টারপ্রাইজ এল এল পি কে ৩০০কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এই সংস্থার সঙ্গে অজিত পাওয়ার এর পুত্র পার্থর যোগাযোগ আছে। ওই জমির এখন দাম ১৮০০ কোটি টাকা।
গত ১৫ বছর ধরে এই জমিটি ৫০ বছরের জন্য ভারতীয় বোটানিক্যাল সার্ভেকে লিজ দেওয়া আছে, ২০৩৮ সাল অবধি যার মেয়াদ। তা সত্বেও সম্প্রতি এই জমি পাওয়ার অফ অ্যাটর্নি শীতল তেজওয়ানি ওই বেসরকারি সংস্থাকে বিক্রি করেন। কথা হয় ওখানে ডাটা কেন্দ্র খোলা হবে।
জমি বিক্রি নিয়ে এই কারচুপির ঘটনা জমি রেজিষ্ট্রেশন সংক্রান্ত ইন্সপেক্টর জেনারেল রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব কে জানান। এরপর সরকার নড়েচড়ে বসে ও উচ্চ পর্যায়ের তদন্তর নির্দেশ দেয়।
যদিও এফআইআরে নাম না থাকায় পার্থ পাওয়ার ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
সরকারের অনুমতি ছাড়া কিভাবে লিজ দেওয়া এই জমি বেসরকারি সংস্থাকে বাজার দরের থেকে এত কম দামে বিক্রি করা হোল, সরকারের রাজস্বের বিপুল ক্ষতি করে কেনই বা স্ট্যাম্প ডিউটি নামমাত্র নেওয়া হল, তা নিয়ে মহারাষ্ট্রর প্রশাসনিক ও রাজনৈতিক মহল বিস্মিত বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*