রোজদিন ডেস্ক :
দিল্লির ভয়ংকর বিস্ফোরণের প্রেক্ষিতে সংসদের শীতকালীন অধিবেশন এগিয়ে আনার দাবি জানালো কংগ্রেস৷ তাঁরা অবিলম্বে সর্বদলীয় বৈঠকেরও দাবি জানিয়েছেন। আজ দলের মুখপাত্র পবন খেরা বলেন, আগামী পয়লা ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। এই বিস্ফোরণের মত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনার জন্য তা এগিয়ে আনা দরকার।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণের পরও কিভাবে ২৯০০ কেজি বিস্ফোরক ফরিদাবাদ থেকে দিল্লিতে আনা হয় বলে তিনি প্রশ্ন তোলেন। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ঠুকে তিনি বলেন, ইউপিএ সরকারের আমলে যখন মুম্বাইয়ে হামলা হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রী শিবরাজ পাতিল পদত্যাগ করেছিলেন। এখনও কারও দায়িত্ব নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
এই ভয়ংকর বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করতে কেন্দ্রীয় সরকার কেন এত দেরি করলো তা নিয়েও প্রশ্ন তোলেন পবন খেরা। আরও বলেন,পহেলগাঁও ঘটনার পর প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, যে কোনও সন্ত্রাসী কার্যকলাপকে যুদ্ধ হিসাবে বিবেচনা করতে হবে, এই সিদ্ধান্তকি এখনও প্রযোজ্য? তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকেরও দাবি জানান। এই সব জঙ্গি হামলা নিয়ে কংগ্রেস সব সময় সরকারের পাশে থেকেছে। তবে কেন্দ্রকেও এই বিষয়ে জবাবদিহি করতে হবে বলে তিনি জানান।

Be the first to comment