কেন্দ্রের শ্রম কোড প্রত্যাহারের আর্জি জানাবে কেরালা

Spread the love

রোজদিন ডেস্ক : বাম শাসিত কেরালা কেন্দ্রীয় সরকারের “একতরফা ভাবে চাপিয়ে দেওয়া” শ্রম কোড প্রত্যাহারের জন্য আর্জি জানাবে। আজ ওই রাজ্যের শ্রমমন্ত্রী ভি শিবানকুট্টি এই কথা জানিয়েছেন। রাজ্যের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে আজ এই মর্মে প্রস্তাব গ্রহণ করা হয়।
শ্রমমন্ত্রী জানান, আগামী ১৯ ডিসেম্বর তাঁরা রাজ্যে শ্রম সম্মেলন করবেন। সব রাজ্যের শ্রমমন্ত্রীদের এই সম্মেলনে আমন্ত্রণ করা হবে। সাবেক শ্রম কোড তুলে কেন্দ্র একতরফাভাবে চারটি শ্রম কোড চালুর তাঁরা বিরোধী। শ্রম সম্মেলনে এই সব নিয়ে আলোচনা হবে। তাঁরা কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে এর প্রতিবাদে স্মারকলিপি পেশ করবেন বলেও শিবানকুট্টি জানিয়েছেন।
এই শ্রম কোড চালুর পর বিক্ষোভ কর্মসূচি পালন, কালো ব্যাজ পরায় বেশ কয়েকটি সংস্থা কর্মীদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। এইভাবে কর্মীদের প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না বলে শিবানকুট্টি জানান। বলেন,বেশ কিছু রাজ্য এই শ্রম কোড চালু করছে। কিন্তু তাঁরা তা করবেন না। শ্রমিকদের স্বার্থে কেরালা এই শ্রম কোড রূপায়িত করবে না বলে তিনি দৃঢ়ভাবে জানান।
উল্লেখ্য, গত সপ্তাহেই কেন্দ্র এই শ্রম কোড চালু র কথা ঘোষণা করেছে। বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন ছাড়া সব কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শ্রমিক সংগঠন এর তীব্র বিরোধিতা করেছে। গতকাল সারা দেশেই এর প্রতিবাদ করেন তাঁরা। কেন্দ্রের দাবি, এই শ্রম কোডে কর্মীদের স্বার্থ রক্ষিত হবে।
অন্যদিকে শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এতে শ্রমিক না, মালিকদের স্বার্থ রক্ষা হবে। তাঁরা দেশ জুড়ে এই শ্রম কোড প্রত্যাহারের দাবিতে আন্দোলন করবেন বলে জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*