রোজদিন ডেস্ক : রাজ্য পুলিশে ফের বড় রদবদল। ওসি, আইসি স্তরের বদলির পর এবার একযোগে দশ জেলার পুলিশ সুপারকে বদল করল নবান্ন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।মোট ২১ জন আইপিএস অফিসারের দায়িত্ব বদল করা হয়েছে। ১৯ জন ডব্লুবিপিএস অফিসারকেও নতুন দায়িত্বে আনা হয়েছে। পুরুলিয়ার নতুন পুলিশ সুপার হলেন বৈভব তিওয়ারি। এর আগে তিনি বাঁকুড়ার এসপি ছিলেন। বাঁকুড়ায় এসপি হয়ে এলেন সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি পূর্ব মেদিনীপুরের এসপি ছিলেন। পুরুলিয়ার সদ্য প্রাক্তন এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন মালদহের নতুন পুলিশ সুপার। মালদহের বর্তমান এসপি প্রদীপ কুমার যাদবকে পাঠানো হয়েছে উত্তর দিনাজপুরে এসপি ট্রাফিকের দায়িত্বে। জলপাইগুড়ির নতুন এসপি হলেন ওয়াই রঘুবংশী। আর আলিপুরদুয়ারের নতুন সুপার হলেন খান্দাহল উমেশ গণপত, যিনি এত দিন জলপাইগুড়ির এসপির দায়িত্ব সামলেছেন। ঝাড়গ্রামের এসপি হিসেবে দায়িত্ব নিলেন মানব সিংলা। তিনি বিধাননগর কমিশনারেটের নিউটাউন ডিভিশনের ডিসি ছিলেন। রায়গঞ্জ পুলিশ জেলার নতুন সুপার হলেন সোনাওয়ানে কুলদীপ সুরেশ। পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি হলেন পলাশচন্দ্র ঢালি, যিনি এতদিন বারুইপুর পুলিশ জেলার এসপি ছিলেন। বারুইপুরে তাঁর জায়গায় এলেন শুভেন্দ্র কুমার। তিনি এতদিন পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (গ্রামীণ) ছিলেন। ঝাড়গ্রামের বর্তমান পুলিশ সুপার অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করা হল। পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকে এসএসআইবি পদে আনা হয়েছে। স্বরাষ্ট্র দফতরের খবর, প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত ও কার্যকর করতে এই রদবদল করা হল।

Be the first to comment