রোজদিন ডেস্ক : এসআইআরের কাজে নবনিযুক্ত রোল অবজার্ভারদের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিল কমিশন কমিশন জানিয়েছে, রোল অবজার্ভাররা কোনওভাবেই নির্দেশ দিতে পারেন না। তাঁদের কাজ কেবলমাত্র পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং যা কিছু নজরে পড়বে তা সিইওকে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট আকারে জানানো। কমিশন সূত্রে জানা গিয়েছে, রোল অবজার্ভাররা প্রতিদিন সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলবেন, এনুমারেশন ফর্ম ঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন। পাশাপাশি নজর রাখবেন ডিজিটাইজেশন প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কি না। কমিশনের জারি করা নির্দেশগুলি সংশ্লিষ্ট বিভাগ কতটা মেনে চলছে, ২০০২ সালের মূল তালিকার সঙ্গে বর্তমান তালিকার ঠিকঠাক মিল করানো হয়েছে কি না, মৃত ভোটারদের নাম ফের ঢুকে পড়েছে কি না এবং ভুয়ো ভোটারদের নাম বাদ গিয়েছে কি না, এই সব বিষয়। প্রতিদিন তাঁরা যা দেখবেন তা একটি বিস্তারিত রিপোর্ট আকারে সিইও অফিস ও নির্বাচন কমিশনে পাঠাতে হবে। ভোটার তালিকা সংশোধনী নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন রোল অবজার্ভারদের এই সক্রিয় ভূমিকা নিঃসন্দেহে প্রক্রিয়াকে আরও নজরদারির আওতায় আনছে। তবে প্রশ্ন একটাই এই কঠোর পর্যবেক্ষণ ও প্রতিদিনের রিপোর্ট কি নিশ্চিত করতে পারবে একশো শতাংশ স্বচ্ছ ভোটার তালিকা?

Be the first to comment