রোজদিন ডেস্ক : এসআইআর আবহে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জন্ম-মৃত্যুর শংসাপত্র। সারা রাজ্যেই তৈরি হয়েছে এর চাহিদা। কারণ, এসআইআর আতঙ্ক। তালিকা থেকে নাম যাতে বাদ না পড়ে তার জন্য একাধিক নথির উল্লেখ করেছে কমিশন। জনসাধারণের জন্য তাই আজ সোমবার থেকে বিশেষ শিবির শুরু করছে কলকাতা পুরসভা। সাধারণ মানুষ কীভাবে কোথা থেকে জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্র হাতে পাবেন, সেইসব সমস্যার সমাধানেই পুরসভার এই বিশেষ ক্যাম্প। একইসঙ্গে সোমবার থেকে চ্যাটবটের মাধ্যমে জন্ম ও মৃত্যুর শংসাপত্র চেয়ে আবেদন গ্রহণের পরিমাণ বাড়ানো হচ্ছে। ভোটার তালিকায় সংশোধনের কারণে শংসাপত্রের চাহিদা বেড়ে যাওয়াতেই এই পদক্ষেপ পুরসভার। পুরসভা সূত্রে খবর, এসআইআর আবহে জন্ম-মৃত্যু শংসাপত্রের চাহিদা বেড়েছে। অনেকেই এতদিন শংসাপত্র নেননি।হাসপাতালের কাগজ নিয়ে কাজ চালিয়েছেন। অনেক ক্ষেত্রে মৃতদের পরিজনরাও এতদিন মৃত্যুর শংসাপত্র তোলেননি। এসআইআর প্রক্রিয়ায় হিয়ারিংয়ের নোটিস আসলে এই জন্ম-মৃত্যুর শংসাপত্র গুরুত্বপূর্ণ নথি হতে পারে। তাই এবার পুরসভার তরফে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হল। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, হিয়ারিং-এর সময় বার্থ সার্টিফিকেট লাগবে। তাই সেটা দেওয়ার জন্য যাতে এখানে পর্যাপ্ত অফিসার থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি বর্তমানে চ্যাটবট-এর মাধ্যমে প্রতিদিন জন্ম-মৃত্যুর শংসাপত্রের ১৫০টি করে আবেদন নেওয়া হয়। তবে মেয়রের নির্দেশ অনুযায়ী সোমবার থেকে তা বাড়িয়ে ৫০০ করা হচ্ছে।

Be the first to comment