রোজদিন ডেস্ক : তিনি প্রায়শই বিদেশ সফরে যান। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী কে “পর্যটন নেতা” বলে তীব্র কটাক্ষে বিঁধলো বিজেপি। সংসদ চলাকালীন তিনি কেন জার্মানি যাচ্ছেন এই প্রশ্ন তুলে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, উনি যে লোকসভার বিরোধী নেতা না, পর্যটন নেতা ও পার্টি করার নেতা, তা আবার প্রমাণিত হল। মানুষ কাজের মেজাজে থাকে, আর উনি স্থায়ী বেড়ানোর মেজাজে থাকেন! বিহার নির্বাচনের সময় উনি জঙ্গলে বেড়াতেও গেছিলেন।
শেহজাদ পুনেওয়ালা আর ও বলেন, রাহুল গান্ধী কেন জার্মানি যাচ্ছেন তিনি জানেন না। মনে হয় ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতেই যাচ্ছেন! এই হল ভারত বদনামী ব্রিগেড আর ভারত বদনামী সফর বলে তিনি মন্তব্য করেন।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি ও রাহুল গান্ধীকে কটাক্ষে বিঁধে বলেন, উনি আংশিক সময়ের রাজনীতিক, সংসদ চলছে, উনি এই সবের কোন গুরুত্বই দেন না।
কংগ্রেস সাংসদ তথা রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী কে সংসদ চত্বরে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পালটা প্রশ্ন তুলে বলেন, প্রধানমন্ত্রী তো তাঁর কাজের অর্ধেক সময় ই বিদেশে কাটান, আর রাহুল বাইরে গেলেই ওঁরা প্রশ্ন তোলেন কেন?
কংগ্রেস সাংসদ গৌরব গগই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ভোট চুরি নিয়ে রাহুলের বক্তব্যর কোন জবাব ওঁরা দিতে পারেননি, যখনই ওঁরা তা না পারেন, তখনই রাহুলের বদনাম করেন।
অন্য সূত্রে জানা যায়, আগামী ১৭ ডিসেম্বর জার্মানির বার্লিনে কংগ্রেসের বিদেশ শাখার সব প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশে কংগ্রেসকে আরও শক্তিশালী করা, এর আদর্শ ছড়িয়ে দেওয়া ইত্যাদি নিয়ে লোকসভার নেতা রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা হবে। ইউরোপ-সহ বিভিন্ন দেশের কংগ্রেস প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন।

Be the first to comment