ভারতের নিজস্ব মহাকাশকেন্দ্র স্থাপন এখন স্রেফ সময়ের অপেক্ষা, কলকাতায় বললেন শুভাংশু

Spread the love

রোজদিন ডেস্ক : ভারতের নিজস্ব মহাকাশকেন্দ্র স্থাপন এখন স্রেফ সময়ের অপেক্ষা। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এটা হবেই। সেটা ২০৩০ না ২০৪০, বড় কথা নয়। মহাকাশ জয় বিকশিত ভারতের অন্যতম অঙ্গ। বুধবার মিউজিয়াম অফ অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সের অনুষ্ঠানে কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তাই দিলেন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা।তিনি বলেন, ​ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। দেশ হিসেবে ভারত মহাকাশ বিজ্ঞানে বেশ কিছু সাহসী ও বড় লক্ষ্যমাত্রা স্থির করেছে। এর মধ্যে রয়েছে গগনযান মিশন, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরি এবং চাঁদে মানুষ পাঠানো। মিশনের টাইমলাইন নিয়ে প্রশ্নে তিনি বলেন, মহাকাশ মিশনগুলি অত্যন্ত জটিল হয়। এখনই নির্দিষ্ট করে দিনক্ষণ বলা কঠিন। তবে ২০৪০ সালকে লক্ষ্যমাত্রা হিসেবে ধরে কাজ এগোচ্ছে। বর্তমানে যে পরীক্ষামূলক প্রকল্পগুলো চলছে, তার অগ্রগতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত সময় নির্ধারিত হবে। তবে এটুকু বলতে পারি, আমরা লক্ষ্যে পৌঁছবই।

তিনি জোরের সঙ্গে বলেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে মহাকাশ গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে, যা চোখে দেখা অত্যন্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। ভারত ও তার নিজস্ব গগনযান মিশন নিয়ে প্রশ্নের উত্তরে শুভাংশু বলেন, এই ধরনের মিশনের প্রতিটি ধাপ থেকে শিক্ষা নিতে হয়। ডিজাইন টিমের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে, যাতে আন্তর্জাতিক মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গগনযানের ডিজাইনে প্রয়োজনীয় পরিবর্তন বা পরিবর্ধন করা যায়। আমরা সঠিক পথেই এগোচ্ছি এবং এই অভিজ্ঞতা আমাদের নিজস্ব ডিজাইনে অত্যন্ত সুফল দেবে।

শেষে, ভারতের মহাকাশ জয়ের স্বপ্ন যে নিছক কল্পনা নয়, বরং এক সুপরিকল্পিত বাস্তব, কলকাতার মাটিতে দাঁড়িয়ে সেই বার্তাই দিয়ে গেলেন ভারতের প্রথম মহাকাশকেন্দ্রে কাটিয়ে আসা নভশ্চর শুভাংশু শুক্লা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*