রোজদিন ডেস্ক : দিল্লি উচ্চ আদালত বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমান পরিসেবায় সাম্প্রতিক বিপর্যয় নিয়ে কেন্দ্রর কড়া সমালোচনা করল। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তুষার রাও গেদেলার ডিভিশন বেঞ্চ জানতে চান, ইন্ডিগোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি সরকার অসহায় ছিল? যখন পরিস্থিতি চূড়ান্ত খারাপ হল, তখন সরকার এতে হস্তক্ষেপ করলো!! সরকারের উদ্দেশ্যে তাঁরা বলেন, সরকার পরিস্থিতি অবনতি হতে দিয়েছে, তারপরই ব্যবস্থা নিয়েছে। কেন এই পরিস্থিতি হতে দেওয়া হল তাঁরা প্রশ্ন তোলেন। ইন্ডিগোর এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিভাবে অন্য বিমান সংস্থাগুলি বিপুল হারে টিকিটের দাম বাড়ালো জানতে চান তাঁরা।
ক্ষুব্ধ দুই বিচারপতি বলেন, যে টিকিটের দাম ৫ হাজার টাকা, অন্য বিমান সংস্থা তা কিভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিলো??
ডিজিসিএ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পরে ভাল ভূমিকা নিলেও কেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে তা নেওয়া হল না, প্রশ্ন তোলেন তাঁরা। আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির আগে ইন্ডিগো উড়ান বিপর্যয় এর তদন্ত শেষ হলে সেই রিপোর্ট পেশ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি দ্বয়।
অন্যদিকে ডিজিসিএ ইন্ডিগোর সিইও পিটার এলবার্স-কে আগামীকাল ১১ ডিসেম্বর সংস্থার উড়ান বিপর্যয় এর কারণ জানাতে তলব করেছে।
রাজ্যসভায় সিপিএম সাংসদ এ এ রহিম ইন্ডিগোর এই উড়ান বিপর্যয় নিয়ে শুধু এই সংস্থাই না, কেন্দ্রীয় সরকারও দায়ী বলে অভিযোগ করেন। সরকারের নয়া উদারবাদী অর্থনীতি, ঢালাও বেসরকারিকরণ ও অনিয়ন্ত্রণই এই পরিস্থিতির জন্য দায়ী বলে সমালোচনায় মুখর হন।

Be the first to comment