বাংলাতেও এবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে হবে, দায়ের হল জনস্বার্থ মামলা

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের অন্যান্য রাজ্যগুলির মতো বাংলাতেও এবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করতে হবে। এই দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার এই মামলা দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন আদালতের উল্লেখ পর্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এনিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলাটি গ্রহণ করেছে আদালত। হাইকোর্টের শীতকালীন ছুটির পর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই মামলা নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, জনকল্যাণমূলক একটি কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত। সেটা গায়ের জোরে পশ্চিমবঙ্গে চালু করতে দেওয়া হচ্ছে না৷ এই প্রকল্প চালু হলে, প্রান্তিক মানুষ উপকৃত হবেন। আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের সব রাজ্যে চালু রয়েছে। দিল্লির সরকার গ্রহণ করেনি। এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা চলছে। সেখানে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ এই প্রকল্পকে গ্রহণ করার পক্ষে। তাই স্বাভাবিক ভাবেই আমরাও কলকাতা হাইকোর্টে একটা মামলা করলাম। এখন দেখা যাক আদালত কী করে।
আয়ুষ্মান ভারত প্রকল্প অনেকদিন আগে চালু হলেও এই রাজ্যে তা চালু করতে দেয়নি রাজ্য প্রশাসন। রাজ্যে প্রায় একইরকম স্বাস্থ্য সাথী নামে রাজ্য সরকারের একটি প্রকল্প চালু আছে। স্বাস্থসাথী অনেক বেশি কার্যকরি, এই যুক্তিতে রাজ্য আয়ুষ্মান ভারত রাজ্যে চালু করেনি। কিন্তু অনেকের মতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক বাধ্যবাধকতা বেশি কাজ করেছে। ফলে এই রাজ্যের গরিব মানুষ কেন্দ্রীয় সরকারের এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*