রোজদিন ডেস্ক : দামের দৌড়ে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দামও। এর আগে গত ১৫ ডিসেম্বর কলকাতায় সোনার দাম উঠেছিল ভরি প্রতি ১ লক্ষ ৩৪ হাজার ৪৫০ টাকা। সেটাই ছিল সাম্প্রতিক কালে শহরে সোনার সর্বোচ্চ দর। এবার সেই দরকেও টপকে গেছে সোনা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য বলছে, এদিন কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দর ঠেকেছে ১ লক্ষ ৩৪ হাজার ৬৫০ টাকা। গত শনিবার যা ছিল ১ লক্ষ ৩৩ হাজার টাকা। রবিবার বন্ধ থাকার পর সোমবার বাজার খুলতেই দাম একলাফে আরও ১ হাজার ৬৫০ টাকা বেড়ে যায় ভরিতে। পাল্লা দিয়ে বেড়েছে গয়নার সোনার দামও। ১০ গ্রাম গয়নার সোনার দর গিয়ে ঠেকেছে ১ লক্ষ ২৭ হাজার ৯৫০ টাকায়। বেড়েছে রুপোর দামও। কলকাতায় শহরে এক কিলো খুচরো রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৮০০ টাকা। শনিবারের তুলনায় বেড়েছে প্রায় চার হাজার টাকা। বিশেষজ্ঞদের মত, যুক্তরাষ্ট্রের প্রধান ব্যাঙ্ক সুদের হার হ্রাস করাতেই বিশ্বজুড়ে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার ফলে তুলনামূলক ভালো লগ্নি হিসেবে বিনিয়োগকারীরা সোনাকেই বেছে নিয়েছেন। সোনা ক্রয়ের পরিমান এতে বাড়ছে, ফলে লাফিয়ে বাড়ছে দাম। বিশ্ববাজারে মার্কিন ডলার দুর্বল হওয়া এবং আগামী দিনে সেদেশের অর্থনীতি নেতিবাচক হওয়ার আশঙ্কা, সোনার দামে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে চলেছে। যার অর্থ, আগামী দিনগুলিতে সোনার দামে খুব একটা তফাৎ হবে না, এই প্রবণতাই জারি থাকবে।

Be the first to comment