ফের তৃণমূল কংগ্রেসকে তোপ হুমায়ুন কবীরের, বিধানসভায় ১৮২ আসনে প্রার্থী দেবেন

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী বছর বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের পতন হবেই বলে জানিয়ে দিলেন দলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর। এই অকর্মণ্য, দুর্নীতিগ্রস্ত সরকারকে হঠাতে তিনি ও তাঁর নতুন দল সর্বশক্তি নিয়োগ করবে বলে হুঁশিয়ারি দেন। জানান, মুর্শিদাবাদে পিতা পুত্র হরগোবিন্দ দাস, চন্দন দাসের নৃশংস হত্যাকান্ডর দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী। রাজ্যে আরএসএসের বাড়বাড়ন্ত নিয়েও তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে। বলেন, বাম আমলের শেষ দিকে রাজ্যে যেখানে আরএসএসের ৫০০ শাখা ছিল, এই আমলে তা বৃদ্ধি পেয়ে ১০ হাজারের বেশি হয়েছে। আগামী বছর তৃণমূল কংগ্রেস সরকারের পতন হবেই বলে জোর গলায় দাবি করেন হুমায়ুন কবীর। তাঁর দল আগামী বছর বিধানসভা নির্বাচনে ১৮২ টি আসনে প্রার্থী দেবে বলে জানিয়ে দেন।
টিএমসি-র মত তাঁর নতুন দলেও সেলিব্রিটিরা আসবেন কিনা প্রশ্নে বলেন, ইতিমধ্যে রাজ্যের শাসক দলের তারকা তরুণ নেতা শোয়েব কবীর তাঁর দলে যোগ দিয়েছেন। উল্লেখ্য, বিনোদন জগতের এই তারকা সম্প্রতি টিএমসি থেকে হুমায়ুন কবীরের নতুন দলে যোগ দেন।
আরও অনেক তারকাই যোগ দেবেন বলে ইঙ্গিত দেন হুমায়ুন কবীর।
ওয়াকেবহাল মহল মনে করেন, নির্বাচনে শাসক দলকে বেগ দেওয়ার চেষ্টা করার কথা বললেও পরে কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে তাঁর দল টানার চেষ্টা করছে। বিজেপি ইতিমধ্যে হুমায়ুনের দলকে শাসক দলেরই মদতে তৈরি বলে কটাক্ষ করেছে। পালটা টিএমসির অভিযোগ, বিজেপির মদতেই হুমায়ুন কবীর চলছেন। নতুন এই জন উন্নয়ন পার্টি রাজনৈতিক মহলে সাড়া ফেললেও নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*