কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস পালিত, কলকাতায় হল শোভাযাত্রা

Spread the love

রোজদিন ডেস্ক : উৎসাহ উদ্দীপনার মধ্যে আজ দিল্লি, কলকাতা-সহ সারা দেশে কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। দিল্লির ইন্দিরা ভবনে এই উপলক্ষে পতাকা উত্তোলন হয়। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ বহু বিশিষ্ট নেতা, কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। কংগ্রেস সূত্রে খবর, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পতাকা উত্তোলন করেন। দল প্রত্যেক মানুষের কাছে কংগ্রেসের আদর্শ, স্বপ্ন একসঙ্গে নিয়ে যাবেন। সবার জন্য সামাজিক সুরক্ষা, সমৃদ্ধ ভারত গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্ব দেন।
পতাকা উত্তোলনের পর জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রতিষ্ঠা দিবসে দলের সদস্য দের অভিনন্দন জানান। আসন্ন নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান।
বলেন,১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর মুম্বাই এ দলের প্রতিষ্ঠা হয়, লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে কারাগারে গেছেন, দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন।

কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গিরীশ পার্ক মেট্রো স্টেশনের কাছে থেকে বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। তাঁরা উমেশ চন্দ্র ব্যানার্জির বাড়ি যান। উল্লেখ্য, কংগ্রেস প্রতিষ্ঠার সময় তিনিই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। আগামীকাল তাঁর জন্মদিন। শুভংকর সরকার-সহ কংগ্রেস নেতৃত্ব তাঁর বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান। বর্ণাঢ্য এই মিছিল স্বামী বিবেকানন্দর সাবেক বাড়ির কাছে গিয়ে শেষ হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার জানান, তাঁরা রাজ্যে তৃণমূল সরকারের
পরিবর্তন চান, বিজেপিকে রুখে দেওয়ার আহবান জানান। বলেন, রাজ্যের উন্নয়নই তাঁদের একমাত্র কাম্য।
দিল্লিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে মহিলা, দরিদ্র, সমাজের সব ক্ষেত্র থেকে মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। তিনি কংগ্রেস সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজেরও উল্লেখ করেন। বিজেপিকে তোপ দেগে বলেন,কংগ্রেসের তৈরি বিভিন্ন সংস্থা মোদি সরকার ধ্বংস করছে। এই কেন্দ্রীয় সরকারের আমলে জল, জঙ্গল ও জমি হুমকির মুখে, আরএসএস একসময় ত্রিবর্ণ জাতীয় পতাকা ও বন্দে মাতরম  গ্রহণ করেনি।
বিজেপির বিভিন্ন চ্যালেঞ্জ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি কংগ্রেস কর্মীদের আহবান জানান, বিরোধীদের মর্যাদা দিতে বলেন, মহাত্মা গান্ধীর কথা উদ্ধৃত করে বলেন, সত্য একদিন প্রকাশ পাবেই।
আজ সারা দেশেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়।
প্রদেশ মহিলা কংগ্রেসের নতুন সভানেত্রী শ্রাবন্তী সিং দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*