রোজদিন ডেস্ক : রাজ্যের সরকারি সহায়তা না পাওয়া মাদ্রাসা শিক্ষকদের কালিঘাট অভিযান নিয়ে আজ ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সরকারি সহায়তা প্রদান সহ বিভিন্ন দাবিতে গত ১৩ দিন ধরে
তাঁরা অবস্থান করছেন। আজ তাঁরা কালিঘাট অভিযানের ডাক৷ দেন। অভিযোগ, নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে বেরোতেই পুলিশ তাঁদের ওপর চড়াও হয়। এমনকি মহিলা সহ অনেককে মাটিতে ফেলে মারার অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। এতে একজন মহিলা আন্দোলনকারী আহত হন। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
এই ঘটনার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নির্দেশে এক প্রতিনিধি দল লালবাজারে যান। তাঁরা ধৃত মাদ্রাসা শিক্ষকদের মুক্তির দাবি জানান।
সূত্রের খবর, সরকারি সহায়তা না পাওয়া মাদ্রাসা শিক্ষক, শিক্ষাকর্মীরা গত তের বছর কোন বেতন পাচ্ছেন না। পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষা, মিড ডে মিল দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী ২৩৫ টি সহায়তা না পাওয়া মাদ্রাসাকে সরকারি সহায়তার আওতায় আনার ঘোষণা করলেও এখন অবধি তা হয়নি। এর প্রতিবাদে দীর্ঘদিন আন্দোলন করছেন তাঁরা। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার তাঁদের সঙ্গে দেখা করেন। তাঁদের দাবির প্রতি সমানুভূতি জানান। আজ তাঁদের গ্রেফতার, পুলিশি হেনস্থা নিয়ে বিচলিত তাঁরা।

Be the first to comment