খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ঢাকা যাচ্ছেন। আগামীকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের মাঠে তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া হবে। ওইদিন সকালে তাঁর মরদেহ গুলশানের বাড়ি ফিরোজায় নিয়ে যাওয়া হবে।
ভারত সরকারের পক্ষে এক বার্তায় জানানো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোন মন্ত্রী ঢাকায় যাচ্ছেন।
অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাহাক দার চলতি বছরের আগস্ট মাসে তাঁর ঢাকা সফরকালে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। আগামী কাল প্রয়াত নেত্রীর অন্ত্যেষ্টিতে যোগ দিতে তিনিও ঢাকা যাবেন বলে জানা যায়।
প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশে তিন দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে। আগামীকাল তাঁর অন্ত্যেষ্টি উপলক্ষে ওখানে একদিনের সাধারণ ছুটি ঘোষণা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। তাঁর মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।”
তিনি তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও অগণিত কর্মী সমর্থকদের সমগ্র জাতির পক্ষে আন্তরিক সমবেদনা জানান।দীর্ঘভাষণে মহম্মদ ইউনুস আরও বলেন, এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শুন্যতা পূরণ হওয়ার নয়।
খালেদা জিয়ার প্রয়াণে দেশব্যাপী বিভিন্ন স্থানে কোরাণ পাঠ সহ নানাভাবে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয় বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*