রোজদিন ডেস্ক : যুবভারতীতে ভেস্তে যাওয়া মেসি শো-এর টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি করে করে ১৯ কোটি টাকা আয় হয়েছিল। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তারপরেই গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সেই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, টিকিটের সব টাকা ফেরত দেওয়া হবে। সেই মত আদালতের অনুমতি নিয়ে টাকা ফেরতের কাজ শুরু করা হচ্ছে। এদিকে সেদিনের ঘটনার প্রকৃত চিত্র পেতে সিট ইতিমধ্যেই মাঠে উপস্থিত বেশকিছু দর্শকের বয়ান নিয়েছে। আরও বেশ কিছু দর্শকের বয়ান রেকর্ড করা হবে। টিকিট বিক্রির বরাত পাওয়া সংস্থার এক কর্তা পুলিশকে জানিয়েছেন, সংস্থার সঙ্গে শতদ্রু দত্তর কলকাতা, দিল্লি ও মুম্বই এই তিন শহরের জন্য চুক্তি হয়েছিল। তিনটে শহরের জন্য মোট যা অর্থ দেওয়ার কথা ছিল শতদ্রুকে, তার বেশিরভাগটাই দেওয়া হয়ে গিয়েছে। আর মাত্র ৮ কোটি টাকা তাদের কাছে বাকি আছে। ওই কর্তা আরও বলেন, যদি সিট বলে তাহলে বাকি থাকা সেই অর্থ তারা তদন্তকারীদের দিয়ে দেবেন। কিন্তু, বাকি টাকা শতদ্রুকেই দিতে হবে বলেও নাকি পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই সংস্থা।

Be the first to comment