রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়া চলাকালীন বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। এই আবহে আইনশৃঙ্খলা রক্ষায় আরও নজর দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিল রাজ্য সরকারকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি পুলিশ এবং সব জেলাশাসকদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। এসআইআর চলাকালীন যেন কোনও ধরনের অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, চিঠিতে সেই দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের উপর স্পষ্টভাবে আরোপ করা হয়েছে বলেই সূত্রের খবর। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, এসআইআর চলাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা তাঁদের দায়িত্ব। কোনও এলাকায় হিয়ারিং কেন্দ্র ঘিরে যাতে পুনরায় অশান্তির ঘটনা না ঘটে, সে দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি জেলাশাসকদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ সামগ্রিক রিপোর্ট দিল্লিতে পাঠাতে হচ্ছে সিইও দফতরকে। প্রথম সপ্তাহের রিপোর্টে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার উল্লেখ করা হয়েছিল। দ্বিতীয় সপ্তাহে বেলডাঙায় গত দু’দিনের অশান্তির বিস্তারিত রিপোর্ট পাঠানো হচ্ছে। ভোটের মুখে এই ধরনের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন কমিশন৷ তাও স্পষ্ট করা হয়েছে চিঠিতে।

Be the first to comment