রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশে এখনও শুদ্ধ পানীয় জল মেলে না বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ অভিযোগ করেন। সম্প্রতি বিজেপি শাসিত এই রাজ্যের ইন্দোরের ভগীরথপুরায় দূষিত পানীয় জল পান করে পনেরো জন মৃত ও কয়েকশো মানুষ অসুস্থ হওয়া নিয়ে সারা দেশে তোলপাড় উঠেছে।

আজ রাহুল গান্ধী ভগীরথপুরায় পানীয় জল পান করে মৃত ও অসুস্থদের পরিবারের সঙ্গে দেখা করেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চার জনের সঙ্গে কথাও বলেন।
পরে ক্ষুব্ধ রাহুল গান্ধী বলেন, এই হল স্মার্ট সিটি! শহর উন্নয়ন!! এখনও মানুষ এখানে শুদ্ধ পানীয় জল পান না দূষিত জল পান করে তাঁদের মৃত্যু হয়েছে।

শুধু ইন্দোর না, রাজ্যের অন্য শহরেও এই সমস্যা আছে বলে তিনি জানান। সরকারের এই বিষয়ে দায়িত্ব নিতে হবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছেন জানিয়ে বলেন, বিরোধী নেতা হিসাবে ওঁদের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি এসেছেন, এটি তাঁর দায়িত্ব।
মধ্যপ্রদেশ রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি, বিধানসভায় বিরোধী নেতা উমং সিংঘার প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁরা রাজ্য সরকারকে তুলোধুনো করেন।

তৃণমূল স্তরে আমজনতা কি পরিস্থিতি তে আছেন, তা সরেজমিনে দেখতে রাহুল গান্ধীর এই সফর। শহরবাসীকে শুদ্ধ পানীয় জল সরবরাহ করা পুরসভার কর্তব্য, তা কেন দেওয়া হচ্ছে না বলে প্রশ্ন তোলেন তাঁরা।

Be the first to comment