রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় তথ্য আপলোডের ক্ষেত্রে কোনও ধরনের ভুল আর গ্রাহ্য করা হবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে। সেই লক্ষ্যে মাইক্রো অবজার্ভারদের দায়িত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এতদিন মাইক্রো অবজার্ভাররা মূলত শুনানি কেন্দ্রে উপস্থিত থেকে তথ্য যাচাইয়ের কাজ করতেন। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল শনিবার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন, আগামীকাল অর্থাৎ রবিনারের মধ্যে মাইক্রো অবজার্ভারদের হিয়ারিং সেন্টার থেকে তুলে এনে ইআরও এবং এইআরওদের সঙ্গে স্ক্রুটিনির কাজে যুক্ত করতে হবে। সোমবার থেকে তাঁরা রোল অবজার্ভারদের অধীনে এই দায়িত্ব পালন করবেন। নির্দেশ অনুযায়ী, ভোটারদের দেওয়া তথ্যের মধ্যে কোনও সন্দেহজনক বিষয় চোখে পড়লে মাইক্রো অবজার্ভাররা তা রোল অবজার্ভারদের মাধ্যমে ইআরও এবং এইআরওদের জানাবেন। এরপরেও যদি ভুল বা অসম্পূর্ণ তথ্য কমিশনের সার্ভারে আপলোড হয়, তা মাস্টার লেভেল পরীক্ষায় ধরা পড়বে বলে কমিশন সূত্রের দাবি। সেখানে কোন সময়ে কোন মাইক্রো অবজার্ভার সতর্ক করেছিলেন, তারও রেকর্ড থাকবে। এ ক্ষেত্রে দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিককে প্রথমে শোকজ করা হবে। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে কমিশন। ইআরও এবং এইআরওদের স্পষ্ট জানানো হয়েছে, ভুল তথ্য আপলোডের ক্ষেত্রে কোনও রেয়াত করা হবে না।

Be the first to comment