রাজ্যের দুই নির্মীয়মান মেট্রো প্রকল্পেও বরাদ্দ কমল বাজেটে, প্রকল্প শেষ করা নিয়ে সংশয়ে কর্তারা

Spread the love

রোজদিন ডেস্ক : এবারের কেন্দ্রীয়।বাজেটে কলকাতা মেট্রোর জন্যও বরাদ্দ করা টাকার পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হল। মেট্রোর নিউ গড়িয়া–বিমানবন্দর প্রকল্প বা অরেঞ্জ লাইনের জন্য ২০২৬-২৭ আর্থিক বছরে বরাদ্দ করা হল ৭০৫.৫০ কোটি টাকা। গত অর্থবর্ষে এই রুটের বাজেট ছিল প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা। অর্থাৎ এক ধাক্কায় বরাদ্দ প্রায় কমে অর্ধেক হয়ে গিয়েছে। মেট্রো নির্মাতা সংস্থার আশঙ্কা, এই কাটছাঁটের ফলে কাজের গতি কমতে পারে এবং কাজ শেষের সময়সীমা আরও পিছিয়ে যেতেও পারে।
এর পাশাপাশি দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ নির্মীয়মান প্রকল্প জোকা–বিবাদী বাগ রুটে বরাদ্দ সামান্য বেড়েছে। চলতি বাজেটে এই লাইনের জন্য ৯০৬.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর বরাদ্দ ছিল ৮৫০ কোটি টাকা। বরাদ্দ বাড়লেও, জমি সমস্যা ও অন্যান্য কারণে এই রুট কবে চালু হবে বলা কঠিন।
এর পর আসছে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান বা ইস্ট–ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও সীমিত বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের জন্য এবছর বরাদ্দ হয়েছে ৫২৯ কোটি টাকা। এই লাইনে আংশিক পরিষেবা চালু হলেও পূর্ণাঙ্গ পরিষেবা ও সম্প্রসারণের জন্য পর্যাপ্ত অর্থ মেলেনি।
এখন রাজ্যবাসীর প্রশ্ন, দেশের অন্যান্য শহরের মেট্রো প্রকল্পে যেখানে দ্রুত সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ছে, সেখানে কলকাতার ক্ষেত্রে কেন বরাদ্দে এমন কাটছাঁট? সব মিলিয়ে, ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রোর জন্য কোনও সুখকর বার্তা নেই। ফলে আগামীদিনে মেট্রো প্রকল্পগুলির অগ্রগতি কতটা বজায় থাকে সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*