রোজদিন ডেস্ক : নির্বিঘ্নেই শেষ হল মাধ্যমিকের প্রথমদিন।প্রশাসনের কড়া নজরদারি ও তৎপরতায় প্রথম ভাষার পরীক্ষা সুষ্ঠুভাবেই হল এদিন। আজ মঙ্গলবার দ্বিতীয় ভাষার পরীক্ষা। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ-প্রশাসন। পরীক্ষা শুরুর আগে সকালেই শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবে বন ও বন্যপ্রাণী অধ্যুষিত এলাকা দিয়ে যাতায়াতকারী ৪০০-রও বেশি পরীক্ষার্থীর জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হয়। জলদপাড়ায় বনরাস্তায় অপ্রয়োজনীয় চলাচল বন্ধ রাখতে একাধিক ‘ড্রপ গেট’ বসানো হয়েছে। পাশাপাশি হাতি ও চিতাবাঘ-অধ্যুষিত এলাকায় নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। এই এলাকায় ৩০টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। জলদাপাড়ার জাতীয় উদ্যানের ২৯৬ কিলোমিটার জুড়ে বনকর্মীরা টহলদারি চালিয়েছেন। এছাড়াও নদী-পারাপারের জন্য বকখালি বন দফতরের উদ্যোগে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়। দার্জিলিংয়ের পানিঘাটা, নকশালবাড়ি, বামনপোখরি, ঘোষপুকুর রেঞ্জের প্রায় চারশোর বেশি মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। তাদের জন্য ১১টি বন দফতরের কুইক রেসপন্স টিম, দুটি এলিফ্যান্ট স্কোয়াড-সহ বিভিন্ন রেঞ্জের বনকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। বন দফতরের তরফে ১৩টি বাসে ওই পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি অভিভাবকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ, বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং জেলা প্রশাসন মিলিত ভাবে পরীক্ষার্থীদের সহায়তায় তৎপর রয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থার দিকে যেমন বিশেষ নজর দেওয়া হয়েছে, তেমনই রাখা হয়েছে কড়া নজরদারি এবং মেডিক্যাল টিম। প্রশাসনের একাধিক ব্যবস্থা ও সহযোগিতায় নির্বিঘ্নেই কাটল মাধ্যমিকের প্রথম পরীক্ষা। আজ দ্বিতীয় পরীক্ষা। প্রতিটি পরীক্ষার দিনই এভাবে সক্রিয় ও তৎপর থাকবে প্রশাসন ও পুলিশ বলছেন কর্তারা।

Be the first to comment