রাজ্যে বিধানসভা নির্বাচনে একাই লড়বে প্রদেশ কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : আর কারও সঙ্গে জোট নয়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়বে প্রদেশ কংগ্রেস।

আজ দিল্লিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, প্রাক্তন ও বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও শুভঙ্কর সরকার-সহ দলের বিশিষ্ট নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন বিশিষ্ট কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সিও।
সূত্রের খবর, বৈঠকে দলের রাজ্য নেতাদের মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যের ভারপ্রাপ্ত আহমেদ আলি মির বলেন, রাজ্য নেতাদের সঙ্গে তাঁদের দীর্ঘ আলোচনা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের কৌশল নিয়ে বর্তমান ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও অধীর চৌধুরী-সহ সবার মতামত নেওয়া হয়।

সব নেতাই তাঁদের মতামত দিয়েছেন জানিয়ে আহমেদ আলি মীর বলেন, এই মুহূর্তে দলের কর্মী, সমর্থক, সাধারণ মানুষ চান কংগ্রেস সব আসনে একাই লড়ুক। রাজ্যব্যাপী পুরোদমে প্রচার শুরু হবে। রাজ্যে দলের একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরী-সহ বিশিষ্ট নেতারা এই বৈঠকে ছিলেন।
ভোটমুখি কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি ইত্যাদি রাজ্যে লড়ার কৌশল নিয়েও দল পর্যালোচনা বৈঠক করেছে বলে জানা যায়।
গত ২০১৬ সালে রাজ্যে বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস। এবার রাজ্যে ২৯৪টি আসনেই একক ভাবে লড়তে চলেছে দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*