বকেয়া ডিএ, মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি রাজ্যের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়। বাজেটের পর সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রায়ের কপি এখনও আমরা হাতে পাইনি। সেটা পড়ে দেখতে হবে। তাই ওই রায় নিয়ে আমরা এখনই কিছু বলতে চাই না। যে কমিটি গড়ার কথা বলা হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা আছেন, কিন্তু পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই। আমরাও মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। তাঁদের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবো। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আর কোনও রাজ্যে পেনশন দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে যা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। পেনশন বন্ধ করে দিলে আমার অনেক টাকা বেঁচে যেত। কিন্তু যাঁরা পেনশনের উপর নির্ভরশীল, তা হলে তাঁরা কী করবেন?
এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করে। রায়ে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছে। বাকিটার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। বিচারপতিদের নির্দেশ, এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে তা দিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ ডিএ কবে দেওয়া যাবে এই নিয়ে সিদ্ধান্ত নিতে তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। উল্লেখ্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক বর্তমানে ৪০ শতাংশ। এই নিয়ে অনেকদিন ধরেই সরব রাজ্য সরকারি কর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*