রোজদিন ডেস্ক : রাজ্য সরকার ধার নিয়ে মানুষের উন্নয়ন করছে। সম্পদ তৈরির চেষ্টা করছে। বাজেটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের ভূয়ষী প্রশংসা করেন রাজ্যের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. অমিত মিত্র। এদিন রাজ্য বাজেটের অর্থনৈতিক দিকগুলি ব্যাখ্যা করেন অমিত মিত্র। তিনি বলেন, রাজ্য বাজেটের অঙ্ক ৪ লক্ষ ৩৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ২০১০ সালে যা ছিল ৮৪ হাজার ৮০৩ কোটি টাকা। বাজেটের জন্য রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, ধার আমরা নিচ্ছি। কিন্তু সেটা মানুষের উন্নয়নের জন্য। ওই টাকা তাঁদের জন্য সম্পদ তৈরি করতে খরচ করা হচ্ছে। আমরা এফআরবিএম-এর নিয়ম মেনে চলছি, যে আর্থিক শৃঙ্খলা কেন্দ্রীয় সরকারও মানে না। বামেদের রেখে যাওয়া ঋণের আড়াই লক্ষ কোটি টাকা আসল ও সুদ মিলিয়ে আমরা শোধ করেছি। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র আমাদের বকেয়া ২ লক্ষ কোটি টাকা দিলে রাজ্য আরও এগিয়ে যাবে। তাঁর কথায়, ২০১০-১১ অর্থবর্ষের তুলনায় রাজ্যের মোট বাজেট বরাদ্দ বেড়েছে পাঁচ গুণ। রাজ্যের নিজস্ব কর অর্থাৎ ওন ট্যাক্স আদায়ের পরিমান ছ’গুণ বাড়াতে পেরেছে সরকার। বাম আমলের সঙ্গে তুলনা করলে পরিকাঠামো উন্নয়নে রাজ্য সবমিলিয়ে সাড়ে ১৮ গুণ এগিয়েছে। কৃষি ও গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রেও রাজ্যের অগ্রগতি উল্লেখযোগ্য। অমিত মিত্র জানান, এই দুই ক্ষেত্রে উন্নয়নের হার আগের তুলনায় ১৩ গুণ বেড়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রেও উন্নয়ন হয়েছে প্রায় ১৮ গুণ। রাজ্যের আর্থ-সামাজিক অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরে বলেন, রাজ্যে বেকারত্ব কমেছে ৪৫.৬৫ শতাংশ। পাশাপাশি প্রায় ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা সম্ভব হয়েছে। বলেন, পরিকাঠামো খাতে বরাদ্দ বেড়েছে ১০ গুণ। রাজস্ব ঘাটতি ৪.৪ শতাংশে রয়েছে। সম্পদ বৃদ্ধিতে ৪৫ শতাংশ ব্যয় করা হয়েছে।

Be the first to comment