শান্তিপুরে মন্দির চুরির রহস্যভেদ, উদ্ধার সোনা-রুপো ও বাসনপত্র, গ্রেপ্তার তিন

Spread the love

রমিত সরকার, নদিয়া : 

নদিয়ার শান্তিপুর এলাকায় একাধিক মন্দিরে ধারাবাহিক চুরির ঘটনার অবশেষে পর্দাফাঁস করল পুলিশ। দীর্ঘ কয়েক মাস ধরে চলা এই চুরির ঘটনায় বড় সাফল্য পেল শান্তিপুর থানার পুলিশ। গভীর রাতে টানা পেট্রোলিং ও চিরুনি তল্লাশির মাধ্যমে উদ্ধার হয়েছে প্রায় এক কেজি সোনা ও রুপোর অলংকার এবং চুরি যাওয়া কাঁসা ও পিতলের বাসনপত্র। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন শান্তিপুরের এক স্বর্ণ ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত স্বর্ণ ব্যবসায়ী চোরেদের কাছ থেকে চুরি হওয়া অলংকার সংগ্রহ করত এবং তা গোপনে বিক্রি করত। গোপন সূত্রে এই চক্রের সন্ধান পেয়ে তদন্তে নামে পুলিশ। এরপর বিশেষ নজরদারি ও পরিকল্পিত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার শান্তিপুর থানায় এক সাংবাদিক বৈঠকে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান, দীর্ঘদিন ধরে চলা এই চুরির ঘটনার কিনারা করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। একের পর এক মন্দিরে চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ।

তিনি আরও জানান, সম্প্রতি রাতভর সক্রিয় পেট্রোলিংয়ের সময় শান্তিপুর কালনার একটি মন্দির এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাসভবনের সংলগ্ন একটি শিব মন্দির থেকে চুরি যাওয়া অলংকার উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে পূজোর কাজে ব্যবহৃত কাঁসা ও পিতলের বাসনপত্র।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই চুরির ঘটনাগুলির সঙ্গে একটি বড় সংগঠিত চক্র জড়িত রয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজেও তল্লাশি চলছে।

পুলিশ কর্তৃপক্ষের দাবি, খুব শীঘ্রই বাকি মন্দির চুরির ঘটনাগুলিরও সম্পূর্ণ উদঘাটন হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও অপরাধীকে রেয়াত করা হবে না।

এদিকে, এই ঘটনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা ও মন্দির কর্তৃপক্ষ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে দিন-রাত নজরদারি আরও বাড়ানো হবে এবং পেট্রোলিং জোরদার করা হবে।

শান্তিপুরে ধারাবাহিক মন্দির চুরির ঘটনার রহস্যভেদ হওয়ায় পুলিশের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন এলাকার মানুষ।

ছবি : কাজল বসাক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*