রোজদিন ডেস্ক : রাজ্য বাজেটের আগে এসআইআর ইস্যুতে বিধানসভায় সরকার পক্ষের আনা আলোচনার প্রস্তাব ঘিরে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয় বিধানসভায়। রাজ্যপালের ভাষণের পরই এই নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি পড়তে দিলেও স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় বিধানসভায় এ নিয়ে আলোচনা সম্ভব নয়। অধ্যক্ষের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সকালে বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এসআইআর নিয়ে আলোচনার কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েই বিরোধীরা সভায় এসেছিলেন। সভা কক্ষে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, অধ্যক্ষের দফতর থেকেই জানানো হয়েছিল যে এদিন এসআইআর নিয়ে আলোচনা হবে। হঠাৎ করে তা বাতিল করা হল কীভাবে, সেই প্রশ্ন তোলেন তিনি। যদিও একই সঙ্গে অধ্যক্ষের চেয়ারের সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য না করার কথাও বলেন বিরোধী দলের নেতা।

Be the first to comment